রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরস্থ তাঁর প্রথম সমাধিতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

শনিবার (৩০ মে) দুপুরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালন করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে জিয়ানগরে শহীদ জিয়ার প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার বিচার হবে কি না, সে সিদ্ধান্ত দেশের বিচার বিভাগ নেবে, কোনো রাজনৈতিক দল নয়।

তিনি আরও বলেন, তৎকালীন সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে তাঁর মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁর প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের ধারা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় সমাধিস্থলে বক্তব্য দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা এই মাজারে নিয়মিত আসছি। আমাদের যেকোনো জাতীয় কর্মসূচি ঢাকায় অনুষ্ঠিত হলেও আমরা এখানকার দোয়া মাহফিলের মাধ্যমে তা শুরু করি।

বিগত সরকারের আমলের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে তিনি বলেন, কয়েক বছর আগেও যখন আমরা এখানে দোয়া করতে ও ফুল দিতে আসতাম, তখন নানা বাধার সম্মুখীন হতে হতো। আমাদের অনেক সময় রাতের আঁধারে কিংবা ফজরের সময় এখানে আসতে হয়েছে। সবসময় হামলার আশঙ্কা ছিল। যারা আমাদের ওপর হামলা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা হবে।

শহীদ জিয়ার সমাধির সামনে দাঁড়িয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আওয়ামী লীগকে আর এ দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জিয়ারত করা হয়।

দিনটি উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সংসদ সদস্য, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী জিয়ানগরে সমবেত হন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top