আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযানে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৮ মে) ভোর ৬টা পর্যন্ত কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জামাল স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা এসব মদের মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), মো. আল এমরান (৪২), মো. ওমর ফারুক (৪৩) ও মো. আজহারুল ইসলাম সরকার (৪৪)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, অভিযানে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top