কর্ণফুলীতে লেগুনা-বাসের মুখোমুখি সংঘর্ষ— নিহত ২, আহত ৩০

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার ক্রসিং শিকলবাহা আদর্শ পাড়ার তালতল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের বাসটি উল্টো পথে দ্রুতগতিতে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলার লেগুনাটিকে ধাক্কা দেন। এতে লেগুনাটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুইটি গাড়িতে থাকা একাধিক যাত্রী হতাহত হয় বলে জানা যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক জানান, এখন পর্যন্ত দুই মারা মারা গেছেন। আরও ৩০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top