রাউজান প্রতিনিধি: রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বনমালি দাশ ওরফে শংকর (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে রাউজান–নোয়াপাড়া সংযোগ সড়কের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া এলাকার এজাহার মাস্টার সেতুর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শংকর পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মগদাই দক্ষিণকূল এলাকার সতীশ মাস্টার বাড়ির বজেন্দ্র দাশের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কালবৈশাখী ঝড়ের সময় রাউজান–নোয়াপাড়া সড়কের ওপর একটি গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শংকর নোয়াপাড়া থেকে অটোরিকশা নিয়ে মগদাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে তিনি ঘটনাস্থলে পৌঁছে গাছটি সরানোর চেষ্টা করেন। ঠিক তখনই পাশের আরেকটি গাছ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই নেপাল দাশ জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে শংকর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে গাছচাপা পড়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং তাকে হাসপাতালে নিয়ে যান।
রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন





