মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত চলছে

চাটগাঁ নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্–দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির গ্যাসলাইনে লিকেজ অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানান, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে নবজাতকদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং দ্রুত বিস্তারিত জানানো হবে।

হাসপাতালের পরিচালক অধ্যাপক নাহিদা ইয়াসমিন জানান, যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ১১ জন মা ও ছয়টি নবজাতক ছিল। এটি পোস্ট-ডেলিভারি ওয়ার্ড হওয়ায় নবজাতকেরা তাদের মায়ের পাশেই ছিল।

তার ভাষ্য অনুযায়ী, রাতের দিকে ওয়ার্ডে অতিরিক্ত ঠান্ডা অনুভব করায় কয়েকজন মা কর্তব্যরত নার্সদের এসি বন্ধ করতে বলেন। পরে রাত তিনটার দিকে দুই নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তখন তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানান এবং আবার ওয়ার্ডে ফিরিয়ে দেওয়া হয়।

তবে সকাল ছয়টার দিকে একে একে সব নবজাতক অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের এনআইসিইউতে স্থানান্তর করা হয়। এর মধ্যে দুই নবজাতককে নেওয়ার পথেই মৃত্যু হয়। বাকি চারজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হলেও শেষ পর্যন্ত তাদেরও বাঁচানো সম্ভব হয়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন/এসএ

Scroll to Top