ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহার কেন্দ্রীয় জামাত উপলক্ষে নগরের জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৬ মে) ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, মুসল্লিদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। নিচে কার্পেটিংয়ের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় ওপরে টারপলিনের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঈদগাহ মাঠে ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং নিরাপত্তা নিশ্চিতে ৩০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান মেয়র।

তিনি আশা প্রকাশ করেন, এবারও কেন্দ্রীয় ঈদ জামাতে প্রায় ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম হবে। অতিরিক্ত মুসল্লির চাপ সামাল দিতে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

বৈরী আবহাওয়ার কারণে মাঠে নামাজ আদায়ে সমস্যা হলে মসজিদে জামাত আয়োজনের বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

এছাড়া চসিকের তত্ত্বাবধানে নগরের আরও নয়টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে মেয়র নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কোরবানির আত্মত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে পরিচ্ছন্ন নগর গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top