চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত বজল আহমদের ছেলে। তিনি সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক জীবনে তিনি চার কন্যা ও দুই ছেলে সন্তানের জনক ছিলেন।
মাদরাসাটির শিক্ষাপরিচালক মাওলানা জসিম উদ্দিন জানান, সন্ধ্যার দিকে হঠাৎ দমকা হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাজার থেকে বাড়ি ফেরার পর নিজ বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাঁশখালী থানার পরিদর্শক মো. আরিফ হোসাইন বলেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হামিদা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





