চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর এলাকার জব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন ও মো. রাশেদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে ঘুম থেকে ওঠার আগেই হঠাৎ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করায় ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, আগুনে একটি সেমিপাকা ও চারটি টিনশেড বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন





