চোর সন্দেহে পিটুনিতে যুবক হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে চুরির সন্দেহে এক বাকপ্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম হাসমত আলী (৩৭)। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন। তার তিনটি সন্তান রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, রবিবার (২৪ মে) ভোরে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার বিসমিল্লাহ ফেব্রিক্স লিমিটেড কারখানায় ঢোকার সন্দেহে হাসমত আলীকে আটক করা হয়। পরে তাকে দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘ সময় তাকে সেখানে ফেলে রাখা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মাজমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

স্থানীয়দের অভিযোগ, সময়মতো পুলিশ ব্যবস্থা নিলে এ প্রাণহানি এড়ানো যেত। তাদের দাবি, মারধরের ভিডিও ফুটেজ পুলিশের কাছে পৌঁছালেও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি।

বোয়ালখালী থানার ওসি মাহাফুজুর রহমান জানান, মামলার পর কারখানার ম্যানেজার (এইচআর) মো. মোশারফ হোসেন, জেনারেল অ্যাডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম এবং সিকিউরিটি শিফট ইনচার্জ আমির হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top