বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন ৮ জন

ক্রীড়া ডেস্ক: আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন ৮ জন।

বিসিবির পরিচালনা পর্ষদে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। যার মধ্যে দুজন আসবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে, বাকি ২৩ জন নির্বাচনের মাধ্যমে। ২৩ পরিচালকের মধ্যে ইতোমধ্যে ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

বাকি ১৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু ক্যাটাগরি-১–এর খুলনা (২ জন) ও বরিশাল বিভাগে (১ জন) এবং ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ। যেখানে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন ১৬ জন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই তিন বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন ১ জন করে। ঢাকা বিভাগ থেকে ২ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন দাখিল করলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েন একজন। ফলে ঢাকা বিভাগের দুই পরিচালকও নির্ধারিত হয়ে গেছে।

এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে ২ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকরা হলেন:

আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)

মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা)

মির্জা ফয়সাল আমিন (ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থা)

সাইদ বিন জামান  (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)

এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)

মিনহাজুল আবেদীন নান্নু ( চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)

মঈন উদ্দিন চৌধুরী (লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা)

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কাউন্সিলর)

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top