চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে— গরু চুরির সন্দেহে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে।
আজ সোমবার (২৫ মে) দুপুরের দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড় এলাকার একটি খোলা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, রবিবার গভীর রাতে গরু চুরির সন্দেহে স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তবে এলাকাবাসীর কেউ গণপিটুনির ঘটনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নিহত ব্যক্তির পরিচয়ও এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাইন্না পুকুরপাড় এলাকার একটি মাঠে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেন। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং শরীর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রাউজান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, গরু চুরি করতে এসেছেন— এমন সন্দেহে কিছু লোক ওই অপরিচিত ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে পুলিশ খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
চাটগাঁ নিউজ/জেএইচ





