চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রবিবার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস।
আগামীকাল সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি। ঈদকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে ছুটির আমেজ বিরাজ করছে।
সরকার পূর্বনির্ধারিতভাবে ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটির পাশাপাশি ২৬ ও ২৭ মে ঈদের আগের দুইদিন এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত পরবর্তী তিনদিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়।
পরবর্তীতে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় এবং এর পরিবর্তে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখা হয়।
পরে ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা চালু থাকবে। একইসঙ্গে হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও নিয়মিত দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





