সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চকরিয়ার নারী-শিশুসহ ৭ জনের
গুরুতর আহত ৬

চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবের মদিনা থেকে জেয়ারত শেষে জেদ্দায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। যেখানে সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া নিহতরা সবাই আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

কোম্পানিটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু।

দুর্ঘটনার পর নিহতদের মরদেহ বর্তমানে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং মরদেহগুলো কবে নাগাদ দেশে পাঠানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় নি।

অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে সৌদি পুলিশ উদ্ধার করে মদিনার সরকারি হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের সবার শারীরিক অবস্থা গুরুতর। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রবাসের মাটিতে জিয়ারত শেষে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যসহ সাত বাংলাদেশির প্রাণহানি এবং আরও ছয়জনের গুরুতর আহত হওয়ার ঘটনায় স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top