আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউজের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরপর।
দেশটির সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি হোয়াইট হাউজের কাছের একটি চেকপয়েন্টে অবস্থানরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। পরে নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি করলে তিনি আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পরে উভয়পক্ষের পাল্টাপাল্টি গোলাগুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস।
গোলাগুলির সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনে অবস্থান করছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি বলে জানিয়েছে হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের এক সাংবাদিক ঘটনাস্থলে কয়েক ডজন গুলির শব্দ শুনতে পান। এ সময় হোয়াইট হাউজের নর্থ লনে থাকা সাংবাদিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয় সিক্রেট সার্ভিস। পরে প্রায় ৪০ মিনিট সাংবাদিকদের লকডাউনে রাখা হয়।
এদিকে, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স হোয়াইট হাউজ ত্যাগ করার কিছুক্ষণ পরই এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন। সূত্র: সিএনএন
চাটগাঁ নিউজ/এমকেএন





