স্পোর্টস ডেস্ক: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবির। দলের অন্যতম নির্ভরযোগ্য ও প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস ইনজুরিতে পড়েছেন।
পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, তার ডান হাতের অনামিকায় একটি ছোট ফ্র্যাকচার রয়েছে। এই চোটের কারণে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার নির্ধারিত প্রীতি ম্যাচগুলো তিনি মিস করবেন। তবে মেডিকেল টিমের ধারণা, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই তিনি সম্পূর্ণ ফিট হয়ে ফিরতে পারবেন।
টিনএজ বয়স থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ব ফুটবলে নিজের অবস্থান শক্ত করা এই আর্জেন্টাইন গোলরক্ষক সম্প্রতি উয়েফা ইউরোপা লিগের ফাইনালে মাঠে নামেন। ওই ম্যাচে তার ক্লাব অ্যাস্টন ভিলা ৩–০ ব্যবধানে ফ্রাইবুর্গকে হারিয়ে শিরোপা জেতে।
অবাক করার বিষয় হলো, ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্ম-আপের সময়ই মার্তিনেস এই আঙুলের ইনজুরিতে পড়েন। তবুও তিনি পুরো ৯০ মিনিট খেলেন এবং ক্লিন শিট রেখে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেস বলেন, “ওয়ার্ম-আপের সময়ই আমি আঙুলটা ভেঙে ফেলি। তবে প্রতিকূলতা আমার জীবনের অংশ। আমি সবসময়ই এর বিরুদ্ধে লড়েছি।”
পরবর্তীতে করা পরীক্ষায় জানা যায়, তার এই ইনজুরিতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। তবে সম্পূর্ণ সুস্থ হতে অন্তত ২০ দিন বিশ্রামে থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফলে গত পাঁচ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম ভরসা হিসেবে থাকা এই গোলরক্ষক আসন্ন দুটি প্রীতি ম্যাচে মাঠের বাইরে থাকবেন। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তিনি আবারও গোলপোস্ট সামলাতে পারবেন বলে আশাবাদী মেডিকেল টিম।
আর্জেন্টিনা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ৭ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে তারা। এরপর ১০ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। এই দুই ম্যাচেই মার্তিনেস বিশ্রামে থাকবেন।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আর্জেন্টিনা এবার ‘জে’ গ্রুপে খেলবে। তাদের গ্রুপ প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





