চট্টগ্রামের মোস্ট ওয়ান্ডেট সন্ত্রাসী রায়হানের দুই সহযোগী গ্রেপ্তার
বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১টায় পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শুভ (২২) ও মো. সুমন (৩০)। শুভ রাউজান উপজেলার আধারমানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে ও সুমন একই উপজেলার কদলপুর এলাকার মৃত বাচা মিয়ার ছেলে ।

শনিবার (২৩ মে) সিএমপি কমিশনারের কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের দুই সহযোগী শুভ ও সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৩০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানায়, উদ্ধার অস্ত্র ও গুলি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি আরও জানান, সম্প্রতি চাঁদার দাবিতে নগরীর চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলি বর্ষণের ঘটনায় এবং বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা যুবক রাজুকে গুলি করে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাদের বিরুদ্ধে রাউজান থানার পৃথক দুটি হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top