উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম চেম্বারের ভোট

চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

শনিবার (২৩ মে) সকাল থেকেই নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটকেন্দ্র ঘিরে প্রার্থী, সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।

চেম্বার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং নির্বিঘ্ন পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।

নির্বাচনি কেন্দ্র ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে কেন্দ্রের বাইরে ক্যাম্প স্থাপন করা হয়েছে। ভোটারদের স্বাগত জানাতে প্রার্থীরাও সরাসরি উপস্থিত ছিলেন। মো. আমিরুল হক নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরামের প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তবে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী আরেকটি প্যানেল, এস এম নুরুল হক নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ভোটের আগের দিন নির্বাচন প্রত্যাখ্যান করে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। ফলে একক প্যানেলের প্রার্থীদের অংশগ্রহণেই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মো. আমিরুল হক বলেন, দীর্ঘদিন পর ব্যবসায়ীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছেন। এ কারণেই তারা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসছেন।

এ নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে অর্ডিনারি গ্রুপে ৪ হাজার ১ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে ২ হাজার ৭৬৪ জন ভোটার রয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top