কর্ণফুলীতে কাভার্ডভ্যানে মিলল ২৩ হাজার পিস ইয়াবা, যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যানের গোপন চেম্বার থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এ ঘটনায় নাজমুল হক (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তার নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কক্সবাজার থেকে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট শাহ মোহছেন আউলিয়া (র.) এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় বাঁশখালী-আনোয়ারা এলাকা থেকে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি করা হলে গাড়িটির পেছনে বিশেষ কৌশলে তৈরি করা লোহার গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।

পরে উদ্ধারকৃত ইয়াবা, জব্দ করা কাভার্ডভ্যান এবং গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top