চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে) রাতে পৌর সদরের পূর্ব কালুরঘাট এলাকায় র্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫)। বাদশা মিয়া নগরের চান্দগাঁও এলাকার কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে। অন্যদিকে তাহেরা বেগম শমসিদা কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্করের মেয়ে।
পুলিশ ও র্যাব সূত্র জানায়, কালুরঘাটে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে কালো স্কচটেপে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১৯ হাজার ৬০০টি ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মাহফুজুর রহমান জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





