চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর খুলশীর আমবাগান এলাকায় ২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল বাতেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) খুলশী আবহাওয়া অফিস সংলগ্ন রেল লাইনের পাশের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। শিক্ষকতার সুবাদে তিনি ওই এলাকাতেই থাকতেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী দুই বোনেরও শিক্ষক ছিলেন তিনি। শিশু দুটির বয়স আনুমানিক ১০ ও ৬ বছর।
রাত ১১টার সময় অভিযুক্তকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
এর আগে শুক্রবার (২২ মে) দুপুর দুইটার দিকে নগরের বায়েজিদ থানার মোহাম্মদ নগর এলাকা থেকে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
বায়েজিদ থানার তদন্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, পরিবারের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার নগরীর বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল পাঁচটা থেকে মধ্যরাত দুইটা পর্যন্ত স্থানীয় লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। এতে পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটে দুই সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।
চাটগাঁ নিউজ/জেএইচ





