চাটগাঁ নিউজ ডেস্ক: ঈদুল আজহা ঘনিয়ে আসায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন পশুর হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। গত দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে গরু নিয়ে নগরীতে আসছেন বেপারিরা।
বেপারিদের আশা, আগামী শনিবার ও বার থেকে কোরবানির পশুর বেচাকেনা পুরোদমে শুরু হবে। ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) দুটি অস্থায়ী পশুর হাট এবং স্থানীয় ব্যবস্থাপনায় আরও পাঁচটি হাট ইজারা দিয়েছে। এছাড়া চসিকের তিনটি স্থায়ী পশুর বাজারও চালু রয়েছে।
চসিকের অস্থায়ী পশুর হাটের মধ্যে রয়েছে কর্ণফুলী পশু বাজার (নুর নগর হাউজিং এস্টেট) এবং ৪০ নম্বর ওয়ার্ডের মুসলিমাবাদ রোডে সিআইপি জসিমের খালি মাঠ। স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত হাটগুলোর মধ্যে রয়েছে উত্তর হালিশহরের গলিচিপা পাড়া বারুনিঘাটা মাঠ, মধ্যম হালিশহরের মুনির নগর আনন্দ বাজার সংলগ্ন রিং রোড এলাকা, আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠ, সাইলো রোডের পাশের টিএসপি মাঠ এবং পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন টানেলের উত্তর পাশের আলমগীর বালির মাঠ।
কর্ণফুলী পশু বাজারের ইজারাদার মো. ইব্রাহিম সওদাগর জানান, বিভিন্ন এলাকা থেকে গরু আসা শুরু হলেও এখনো জমজমাট বেচাকেনা শুরু হয়নি। তবে সপ্তাহান্তে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা করছেন।
একই ধরনের তথ্য দিয়ে বিবিরহাট গরুর বাজারের ইজারাদার মো. ইসমাইল বলেন, গত মঙ্গলবার থেকে বাজারে পশু আসতে শুরু করেছে। মঙ্গলবার ও বুধবার মিলিয়ে প্রায় ২৫ ট্রাক গরু বাজারে এসেছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়াল কামাল জানান, ঈদ উপলক্ষে অনুমোদিত অস্থায়ী পশুর হাটগুলো ইজারা দেওয়া হয়েছে এবং হাট প্রস্তুতের কাজ চলছে। অনুমোদনের বাইরে নগরীতে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





