চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কে শ্যামলী পরিবহণের একটি নৈশকোচের বক্সের খোলা দরজার আঘাতে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৭ মে) রামগড়-জালিয়াপাড়া সড়কের চাষীনগর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম খাগড়াছড়ি সদরের শান্তি নগরের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত ১২ টার দিকে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহণের একটি নৈশ বাস রামগড়-জালিয়াপাড়া সড়কের চাষীনগর নামক স্থানে পৌঁছলে চাকা ব্লাস্ট হয়ে যায়। এ সময় বাসের যাত্রীরা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন। ঐসময় ঢাকাগামি শ্যামলী পরিবহণের একটি এসি নৈশকোচ দ্রুতগতিতে যাওয়ার সময় বাসের মালামালের বক্সের খোলা দরজার সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শান্তি পরিবহণ বাসের যাত্রীদের কয়েকজনের গায়ে আঘাত লাগে। এতে শাহ আলম মারা যায়।
গুরুতর আহত হন জুনায়েত (২৫) ও রুবেল কর্মকার (৩৫) নামে দুই ব্যক্তি। বক্সের দরজার আঘাতে শাহ আলমের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জানান, খবর পেয়ে রামগড় থানাধীন নাকাপা ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠায়। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হানপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাস দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাটগাঁ নিউজ/জেএইচ





