চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ২৭ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকায় একটি গুরুত্বপূর্ণ ও পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে পরিচালিত এই বিদ্যালয়টি বর্তমানে চরম অবকাঠামোগত সংকটে রয়েছে।
বিদ্যালয়ের পুরোনো ভবনটি গত বছর আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হলেও এর ঝুঁকি এখনো পুরো ক্যাম্পাসজুড়ে বিদ্যমান। ভবনের পিলার ভেঙে গেছে, ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে, বর্ষাকালে ছাদে পানি জমে থাকে এবং দেয়ালে স্পষ্ট ভাঙনের চিহ্ন রয়েছে। ভবনের বাইরের অংশেও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্যমতে, প্রতিদিনই আতঙ্কের মধ্য দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। বিশেষ করে ছোট শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ বিরাজ করছে।
অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত একটি নতুন, নিরাপদ এবং পর্যাপ্ত শ্রেণিকক্ষসমৃদ্ধ ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
বিস্তারিত দেখতে সিপ্লাস টিভির ভিডিও লিংকে ক্লিক করুন……………………….
চাটগাঁ নিউজ/এমকেএন





