আলীকদমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নববধূর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবানের আলীকদম উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সংপ্রং ম্রো উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন ওই নববধূ। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর সময় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাফি জানান, অতিরিক্ত পানিশূন্যতার কারণে তার শরীরে তীব্র ডিহাইড্রেশন দেখা দিয়েছিল। হাসপাতালে আনার পর খুব অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top