চাটগাঁ নিউজ ডেস্ক : পদের জন্য ৩০ হাজার টাকা দাবি, চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে একাধিক যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সদস্য রয়েছেন।
এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দীনের বিরুদ্ধে কমিটিতে পদ দেওয়ার জন্য ৩০ হাজার টাকা দাবি করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এনসিপির এক নেতা। এমনকী দাবিকৃত টাকা না দেয়ায় তাকে কমিটি থেকে বাদ দেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
পদত্যাগী নেতাদের অভিযোগ, কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। পাশাপাশি কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টাকার বিনিময়ে পদ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন তারা।
বর্তমান কমিটির দফতর সম্পাদক রাফসান জনি রিয়াজ বলেন, ২২ জন পদত্যাগ করেছেন। যারা ত্যাগী তাদের মূল্যায়ন করা হয়নি। দলের জন্য নিবেদিতরা বঞ্চিত হয়েছেন। আমরা এই কমিটির পুনর্মূল্যায়ন চাই। আমরা আহ্বায়ক নাহিদ ইসলামকে বিষয়টি জানাবো।
কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ জানান, আদর্শ, নৈতিকতা ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার প্রত্যাশা থেকে তারা এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক কমিটি গঠন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তারা হতাশ হয়েছেন। রাজনৈতিক সংগঠনে দুর্নীতি ও ব্যক্তি স্বার্থের চর্চা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও তারা জনস্বার্থ, ন্যায়বিচার ও স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে কাজ করবেন।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
বিস্তারিত দেখতে সিপ্লাস টিভির ভিডিও লিংকে ক্লিক করুন………………
চাটগাঁ নিউজ/এসএ





