বোনকে বিয়ে না দেয়ায় ভাইকে খুন— ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের ডবলমুরিং থানার ২৩ বছর আগে যুবক ইছু মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাসের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, আটজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে আসামি জামাল উদ্দিন ও মোহাম্মদ এরশাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. মনির, আলমগীর ও রাশেদকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, নিহত ইছু মিয়া নগরের বহদ্দারহাট এলাকার একটি মাছের আড়তে কাজ করতেন। তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আসামি জামাল উদ্দিন। তবে ওই প্রস্তাবে রাজি হননি ইছু মিয়া। এ নিয়ে তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হয়।

২০০৩ সালের ৮ জানুয়ারি ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বিসিক ভবনের পাশের কবরস্থানের ঝোপ থেকে ইছু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে আসামিরা ইছু মিয়াকে হত্যা করে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top