ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি অফিসে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ঈদের দীর্ঘ ছুটির সমন্বয়ে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবাসহ সংশ্লিষ্ট খাতের কর্মীরা স্বাভাবিক দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন সংশ্লিষ্ট কার্যক্রমও চালু থাকবে। জরুরি প্রয়োজনীয় সরকারি অফিসও এই ছুটির বাইরে রাখা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম নিয়ে আলাদা নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

অন্যদিকে, বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদ উপলক্ষে সাত দিনের ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। আগে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি নির্ধারিত থাকলেও পরে একদিন বাড়িয়ে ২৫ মে থেকে কার্যকর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top