চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং অপর এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) রাতে মামলা দায়েরের পর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল এবং ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় বেড়াতে যায় দুই কিশোরী। ফেরার পথে মাছের খামারে কর্মরত সাত শ্রমিক জোরপূর্বক তাদের পাহাড়ি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। একই সময় অপর কিশোরীকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।
অভিযান চালিয়ে গ্রেপ্তার করা চারজন হলেন ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়া এলাকার মো. ছৈয়দ (১৫), মো. মানিক ইসলাম (২০), আব্দুর রহিম (১৮) এবং বাজালিয়া ইউনিয়নের মো. রাকিব (২০)।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





