লোহাগাড়ায় জমি বিরোধ নিয়ে সংঘর্ষে মাদ্রাসা সুপার নিহত, আহত ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মাওলানা আবুল কাশেম (৬৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ জড়িত থাকার অভিযোগে সামশুল আলম (৩৮) নামে এক যুবককে আটক করেছে।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ির সামনের চলাচলের রাস্তার পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে এবং চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। আটক সামশুল আলম নিহতের চাচাতো ভাই বলে জানা গেছে।

আহতরা হলেন— ছকিনা বেগম (৬৫), শাহ আলম (৬৯) ও হারুনুর রশিদ (৪০)। তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কাশেমের সঙ্গে তার চাচাতো ভাইদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিরোধপূর্ণ জমিতে নতুন ঘর নির্মাণের কাজ শুরু হলে তা নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ বাধে।

নিহতের পরিবারের অভিযোগ, জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা করলে বাধা দিতে গিয়ে প্রথমে ছকিনা বেগম হামলার শিকার হন। খবর পেয়ে আবুল কাশেম ঘটনাস্থলে এলে প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সৈয়দ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top