চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও পারিবারিক কলহের জেরে মো. হাসান (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচা নাছির ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদবি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার মো. বশরের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পাশাপাশি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন ধান রাখা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নাছির ক্ষিপ্ত হয়ে কিরিচ দিয়ে হাসানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, অভিযুক্ত নাছিরকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





