বাসি খাবার বিক্রি, জরিমানা গুনল সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়ি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি রেস্তোরাঁকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, কুটুম্ববাড়ি রেস্তোরাঁয় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া দধিসহ বিভিন্ন খাদ্যপণ্যে মেয়াদোত্তীর্ণের তথ্য ও মূল্যতালিকা উল্লেখ ছিল না। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সাদিয়াস কিচেনে রান্না করা ভাত, মাংসসহ বিভিন্ন বাসি খাবার সংরক্ষণ করে পুনরায় বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top