রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি গরুসহ ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মঙ্গলখালী গ্রামের নোয়া মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন একই বাড়ির আবুল কালাম, সামশুল আলম, ফজলুর রহমান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও আবু তাহের। অগ্নিকাণ্ডে আবুল কালামের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট ৭টি গরু পুড়ে মারা যায়।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একে একে পাঁচটি ঘর ও একটি ঘরের রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত আবুল কালাম বলেন, কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুসহ মোট ৭টি গরু পুড়ে গেছে। ৭টি গরুর আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। একটি লুঙ্গি ও একটি গেঞ্জি ছাড়া ঘর থেকে কিছুই বের করতে পারিনি। শুধু একটি গরুর বাছুরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আরেক ক্ষতিগ্রস্ত গৃহবধূ তৈয়্যবা আক্তার বলেন, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামছুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাদের পৌঁছানোর আগেই ৭টি গরু ও কয়েকটি বসতঘর পুড়ে যায়। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন





