অবশেষে শুরু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেনে প্রশস্তকরণের কাজ 

চাটগাঁ নিউজ ডেস্ক: অবশেষে শুরু হলো লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ। দীর্ঘদিনের যানজট, ঝুঁকিপূর্ণ বাঁক ও দুর্ঘটনার আতঙ্কে থাকা এই সড়কে উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের অধীনে জাঙ্গালিয়া এলাকায় প্রায় ৯০০ মিটার মহাসড়ক চার লেনে প্রশস্তকরণের কাজের উদ্বোধন করা হয়।

স্থানীয়রা বলছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক হলেও দীর্ঘদিন ধরে এটি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিশেষ করে লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই চার লেনে উন্নীত করার দাবি ছিল দীর্ঘদিনের।

এলাকাবাসীর আশা, দ্রুত কাজ শেষ হলে যানজট কমবে, দুর্ঘটনাও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি পুরো চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিও জানান তারা।

এর আগে গত ১৬ এপ্রিল জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছিলেন, সরকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং কাজ দ্রুত শুরু হবে।

মন্ত্রী জানান, জাতীয় গুরুত্বপূর্ণ এই মহাসড়ক উন্নয়নে ‘হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ফেজ-১)’ এর আওতায় প্রায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রায় ২ দশমিক ৬৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের একটি ফ্লাইওভারও নির্মাণ করা হবে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, সাতকানিয়া ও লোহাগাড়া অংশে মহাসড়ক প্রশস্তকরণের কাজ তিনটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম প্যাকেজে সাতকানিয়া রাস্তার মাথা থেকে লোহাগাড়ার রাজঘাটা পর্যন্ত ৮ দশমিক ৪ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে। এ কাজ করছে এমএএইচ কনস্ট্রাকশন। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। দ্বিতীয় প্যাকেজে রাজঘাটা থেকে চুনতি মিঠার দোকান পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় হচ্ছে ৩৪ কোটি টাকা। এ কাজ করছে এমএ কনস্ট্রাকশন।

তৃতীয় প্যাকেজে চুনতি মিঠার দোকান থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে। ৩০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই অংশের কাজ করছে এমএএইচ কনস্ট্রাকশন। এর আওতায় জাঙ্গালিয়া এলাকায় প্রায় ১ কিলোমিটার অংশে ডিভাইডারসহ চার লেন নির্মাণ করা হচ্ছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, বর্তমানে মহাসড়কটির প্রস্থ ২১ ফুট। এটি বাড়িয়ে ৩৪ ফুট করা হবে। এজন্য সড়কের উভয় পাশে কোথাও ৬ ফুট, কোথাও ৭ ফুট করে সম্প্রসারণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকে আরও ১০ থেকে ১২ ফুট পর্যন্ত বাড়ানো হবে। তিনি আরও বলেন, “চুনতি জাঙ্গালিয়া এলাকায় ৯০০ মিটার অংশে মাঝখানে ডিভাইডার রেখে চার লেন করা হচ্ছে। পর্যায়ক্রমে পুরো প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হবে।”

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top