চট্টগ্রাম বন্দরে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিশেষ মহড়া

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের অগ্নি নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও জোরদার করতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে এই অগ্নি নির্বাপণ অনুশীলন পরিচালনা করা হয়।

বন্দরের নিজস্ব ফায়ার ব্রিগেডসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন। মহড়াটি অনুষ্ঠিত হয় বন্দরের ৪ নম্বর জেটি গেট সংলগ্ন ডিটিএম অপারেশন ভবনের সামনে।

অনুশীলনের মাধ্যমে আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, নিয়ন্ত্রণ কৌশল এবং আধুনিক অগ্নিনির্বাপক সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হয়। বিশেষ করে কনটেইনারে অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, সেটিও বাস্তব অনুশীলনের মাধ্যমে যাচাই করা হয়।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, প্রতি বছরই ‘বন্দর নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে এ ধরনের মহড়া আয়োজন করা হয়, যাতে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পায় এবং আন্তঃবিভাগীয় সমন্বয় আরও শক্তিশালী হয়।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ হোসেন বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়াতেই এই মহড়া পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে বাস্তব পরিস্থিতিতে কীভাবে পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে সবাইকে প্রস্তুত করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top