চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মীরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করা ও এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আবছার উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। প্রকাশ্যে ধূমপান করা ও সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
অধ্যক্ষ আবছার উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধূমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করায় কলেজের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






