উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষার পরিবেশ পরিদর্শনে প্রতিমন্ত্রী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের শিক্ষা কার্যক্রম ও লার্নিং সেন্টারগুলোর সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (১০ মে) সকালে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় পরিচালিত লার্নিং সেন্টারগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের মান ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

আরআরআরসি সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ক্যাম্পের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, কারিকুলাম বাস্তবায়ন এবং শিশুদের মানসিক বিকাশ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের মূল সমাধান হলো প্রত্যাবাসন। এ লক্ষ্যেই সরকার কাজ করছে। এর পাশাপাশি রোহিঙ্গা শিশুদের মানবিক দিক বিবেচনায় নিয়ে শিক্ষা সুযোগ নিশ্চিত করা হচ্ছে। মিয়ানমারের কারিকুলাম অনুযায়ী লার্নিং সেন্টারগুলোতে পাঠদান কীভাবে চলছে, তা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে নিজ দেশে প্রত্যাবর্তনের পর তারা যেন দক্ষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—সে লক্ষ্যেই কাজ চলছে।

তিনি আরও বলেন, শিক্ষার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করা জরুরি, যাতে তারা কোনো ধরনের বিপথে না যায়।

ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, ক্যাম্প এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লার্নিং সেন্টারসহ সব শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়ে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিমন্ত্রীর এই সফরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরআরআরসি কার্যালয়ের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফর শেষে তাঁর কক্সবাজার জেলা সদরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top