চাটগাঁ নিউজ ডেস্ক : জিরা মসলার সাথে ক্যারাওয়ে বীজ মিশিয়ে বাজারজাত করার দায়ে মেসার্স নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকিকালে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অংশ নেন সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ এবং আলোকচিত্রী মো আফতাবুজ্জামান।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, একই অভিযানে মেসার্স গোপাল দাসকে শিল্প রংকে খাদ্য হিসেবে বিক্রি, খাদ্যপণ্যে ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোজ খাবার হিসেবে বিক্রির দায়ে ৪০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রির কারণে মেসার্স শাহ আমানত স্টোর ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাটগাঁ নিউজ/এসএ






