ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুলিশের পৃথক অভিযানে জুয়ার সরঞ্জাম, নগদ টাকা ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১০ মে) ভোর রাত ও দিনের বিভিন্ন সময়ে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ঈদগাঁও থানা পুলিশ।
পুলিশ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে থানার এসআই সনক কান্তি দাশের নেতৃত্বে ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় শাহ আলমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসরে মত্ত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে তাস, জুয়ার সরঞ্জাম এবং নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পূর্ব ইউছুপেরখীল এলাকার আবুল কালাম (৪৬), শমসুল আলম (৫৮), কামাল হোসেন (৪৬), শাহ আলম (৬০) এবং মোহাম্মদ সালাম (৫০)।
পৃথক আরেকটি অভিযানে হত্যাচেষ্টা মামলায় জড়িত জাহেদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই দিনে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— জসিম উদ্দিন (২৬), নুর আবছার (২০) ও দিদার।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন






