চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসার দরজা খুলে ভেতরে প্রবেশ করলে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়।
পুলিশ জানায়, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশে পচন ধরেছিল এবং শরীর কিছুটা ফুলে গিয়েছিল, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি কয়েকদিন আগেই মারা গেছেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রাশেদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পান যে, ওই বাসার দরজা দীর্ঘ সময় ধরে খোলা যাচ্ছে না। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার থেকে পলি চৌধুরীর সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছিলেন না। পরে রোববার বাসায় এসে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে ৯৯৯-এ কল করা হয়।
নিহতের বোন জানান, ফোনে কোনো সাড়া না পেয়ে তারা সরাসরি বাসায় আসেন। পরে পুলিশের সহায়তায় দরজা খুলে মরদেহ দেখতে পান তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন এবং একাই ওই বাসায় বসবাস করতেন। তার বাবা মারা গেছেন এবং মা বিদেশে থাকেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






