কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় লোকালয়ে খাবারের সন্ধানে এসে কুকুরের আক্রমণে একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) ভোরে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন জানান, পাশ্ববর্তী বন এলাকা থেকে একটি মায়া হরিণ লোকালয়ে এসে গাছের লিচু খাচ্ছিল। এ সময় কয়েকটি কুকুর হরিণটির ওপর আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই হরিণটির মৃত্যু হয়।
জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি বেলাল হোসেন বলেন, সকালে কুকুরের চিৎকার শুনে স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি হরিণকে কুকুর আক্রমণ করেছে। কুকুরের আক্রমণে হরিণটির শরীরের পেছনের অংশের মাংস ছিঁড়ে গেছে এবং প্রাণীটি মাটিতে পড়ে আছে। পরে বিষয়টি কাপ্তাই কর্ণফুলী রেঞ্জের বন বিভাগকে জানানো হলে তারা এসে মৃত হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী জানান, বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে কাপ্তাই ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া গেছে, কুকুরের আক্রমণেই মায়া হরিণটির মৃত্যু হয়েছে। পরে বন বিভাগের তত্ত্বাবধানে হরিণটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন






