রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার এবং দুই চোরাকারবারিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেটগুলো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে তৈরি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৯ মে) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে রাঙামাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন স্টেডিয়াম এলাকার শহীদ মিনার সংলগ্ন পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটের উত্তর পাশে কাপ্তাই লেকপাড় থেকে দুই চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় কার্টনে থাকা মোট ৩ হাজার প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট “PATRON (Made in U.A.E)” উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।
গ্রেফতার চোরাকারবারীরা হলেন— সিকো চাকমা (৩৬), পিতা মৃত রবিলাল চাকমা এবং পাতুল চাকমা (৩১), পিতা সুশীল চাকমা। তারা উভয়েই রাঙামাটি জেলার বাসিন্দা।
একই অভিযানে আরও দুই পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে মো. ইমাম হোসাইন সিআর নং-১৩০৬/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং সাফওয়ান ইসলাম (২৩) জিআর নং-১৫৬/২৬ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন






