চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন গুলিয়াখালি সমুদ্র সৈকতে দোলনাতে বসাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮ পর্যটকসহ ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালি সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
পর্যটকদের মধ্যে আহতরা হলেন শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২)। এদের মধ্যে একজন ময়মনসিংহ, একজন মানিকগঞ্জ এবং বাকিরা সবাই ঢাকা থেকে সেখানে বেড়াতে যান।
পর্যটকরা ঢাকা বারিধারার নতুনপাড়া এলাকায় অবস্থিত University of Information Technology and Sciences (UITS) শিক্ষার্থী। আহতের মধ্যে রাব্বিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্যদিকে আহত স্থানীয় ব্যবসায়ীদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
গুলিয়াখালী সমুদ্র সৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম জানান, সকালে গুলিয়াখালি সৈকত এলাকায় ঢাকা থেকে আসা কয়েকজন পর্যটক একটি দোলনাতে বসতে গিয়ে ভেঙে ফেলে। এ সময় স্থানীয় দোকানদারদের সঙ্গে দোলনা ভেঙে ফেলার বিষয়ে পর্যটকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়।
আহত শিক্ষার্থী মাহীন বলেন, আমরা ১০ বন্ধু একসঙ্গে এসেছিলাম গুলিয়াখালি সমুদ্র সৈকতে। কিন্তু আমাদের দুজন বন্ধুকে একা পেয়ে দোলনায় বসাকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে আমরা বিষয়টি মিমাংসা করতে আসলে আমাদের ওপরও হামলা চালায়। এতে আমাদের আটজন আহত হয়। এ ছাড়াও আমাদের সহপাঠী থেকে স্থানীয়রা মোবাইল ছিনিয়ে নেয়। পরে জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মোবাইলগুলো দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, আহতদের আটজনের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যটকদের উদ্ধার করে স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা অভিযোগ করেননি।
তবে অভিযুক্তদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






