চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি গুলিসহ গ্রেপ্তার ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর বিভাগের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান প্রাং জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ মে) নগরের খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানে অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল আহমেদ রনিকে আটক করে তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি সদস্যরা নগরের দামপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আমিনুল হক বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ১১ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া সব গুলিই ভারতীয় তৈরি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস থেকে এসব গুলি সংগ্রহ করে নগরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top