উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প ব্যবহার এবং নকল বিড়ি-সিগারেট উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম পিনজিরকুল এলাকার মাহমুদুল হক (২৩) ও মো. হারুনুর রশিদ (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা পাতাবাড়ী বাজার এলাকার একটি কাঠের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অভিযুক্তদের হেফাজত থেকে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি ও জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া এসব পণ্যের প্যাকেটে ব্যবহৃত স্ট্যাম্প ও ব্যান্ডরোল জাল ছিল। এগুলো আসল পণ্য হিসেবে বাজারজাত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। একই সঙ্গে নকল তামাকজাত পণ্য বিক্রির মাধ্যমে জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছিল।
এ ঘটনায় তিনজন অজ্ঞাতনামাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে উখিয়া থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ ও ২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২১/২৬ হিসেবে এটি রুজু করা হয়েছে।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, নকল ও জাল স্ট্যাম্পযুক্ত তামাকজাত পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব অবৈধ পণ্যের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন






