চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে দেশটির মক্কা ও মদিনায় মোট ১২ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রীর একজন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মো. আব্দুল হাই (৬১)। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। অপরজন শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮), যিনি মক্কায় মারা যান। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারা স্বাভাবিক কারণে মারা গেছেন।
এর আগে শুক্রবার (৮ মে) মক্কায় মারা যান যশোরের কোতোয়ালি এলাকার মো. আব্দুল মতিন (৫৩) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মো. আজহারুল হক (৬৪)। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ২৫ জন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।
চাটগাঁ নিউজ/এমকেএন






