সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার পাথারিয়াদ্বার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশির নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৮ মে) রাত ১১টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন।

নিহতরা হলেন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের নবীর হোসেন (৪০)।

মুরসালিন স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত দু’জনের মরদেহ ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারী ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে চোরাচালানের মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে মুরসালিনসহ দু’জন আহত হন। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে বিএসএফ জানিয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। একই সঙ্গে ঘটনার প্রতিবাদ জানিয়ে চিঠি পাঠানো ও পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে বিজিবির দাবি, নিহত দু’জন আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চন্ডিদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার মো. মুইনুদ্দিন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top