জানা গেল সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহার তারিখ 

চাটগাঁ নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। আল জারওয়ান আরব জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ বিজ্ঞান ইউনিয়নেরও সদস্য।

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে রোববার রাত ১২টা ১ মিনিটে (আমিরাত সময়) দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী, ১৮ মে থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস শুরু হতে পারে।

সে হিসেবে ৯ জিলহজ তথা আরাফার দিন পড়বে ২৬ মে মঙ্গলবার এবং পরদিন ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য চাঁদ দেখার দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং তখন এটি দিগন্ত থেকে প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। ফলে অনুকূল আবহাওয়ায় চাঁদ দেখার সম্ভাবনা থাকবে।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এসব তারিখ বৈজ্ঞানিক পূর্বাভাসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। চূড়ান্তভাবে ঈদুল আজহার তারিখ নির্ভর করবে সরকারিভাবে চাঁদ দেখার ঘোষণার ওপর।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ-এ ঈদ উদ্‌যাপিত হয়। সে হিসাবে দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top