চট্টগ্রামের রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে যুবকের মৃত্যু!
আহত এক শিশু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম হাসান প্রকাশ রাজু (২৬)। এ ঘটনায় মোছাম্মৎ রেশমি আক্তার (১১) নামে এক পথচারী শিশুও গুলিবিদ্ধ হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে অক্সিজেন রৌফাবাদ কলোনির শহীদ মিনার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে একদল দুর্বৃত্ত শহীদ মিনার কলোনির প্রবেশমুখে এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় শিশু  রেশমিও গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমথমে অবস্থা বিরাজ করছে রৌফাবাদ এলাকায়।

আহত শিশু রেশমির বড় ভাই ফয়সাল আহমেদ জানান, তার বোন দোকানে যাওয়ার পথে হঠাৎ গোলাগুলির মধ্যে পড়ে। একটি গুলি রেশমির চোখে লাগে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রথমে ২ নম্বর ওয়ার্ডে এবং পরে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

জানা গেছে, নিহত যুবকের বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। এলাকায় তিনি ‘বিন্দু মাসির ছেলে রাজু’ নামে বেশ পরিচিত। রৌফাবাদে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

তিনি চাটগাঁ নিউজকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। কারা কেন মেরেছে তা পরে জানাতে পারব। লাশের সুরতহাল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

অন্যদিকে চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, রৌফাবাদ এলাকা থেকে গুলিবিদ্ধ এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top