রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নে এক প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৭৩ লাখ ১৭ হাজার ৮১৮ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে চোরচক্র।
গত ২ মে দুপুর থেকে ৬ মে দুপুরের মধ্যবর্তী কোনো এক সময়ে চন্দ্রঘোনা হাফেজপাড়া এলাকার ‘ইয়াকুব ম্যানশন’-এ এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ রোকসানা বেগম (৫৬) বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ মে দুপুরে রোকসানা বেগম তার ছোট ছেলে, পুত্রবধূ ও ছোট মেয়েকে নিয়ে চট্টগ্রামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। এই সুযোগে ফাঁকা বাড়িতে প্রবেশ করে চোরচক্র।
গত ৬ মে সকালে বাড়ির ভাড়াটিয়া আজমা আক্তার ঘরের প্রধান দরজার তালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে রোকসানা বেগমকে মুঠোফোনে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে দেখেন, ঘরের দুটি আলমারির তালা ভেঙে মূল্যবান মালামাল লুট করা হয়েছে।
ভুক্তভোগীদের দেওয়া তালিকা অনুযায়ী, প্রথম আলমারি থেকে রোকসানা বেগমের ৩ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা, ছোট মেয়ে তাহসিন আক্তারের ১৬ ভরি স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৪০ হাজার টাকা, জমি বিক্রির নগদ ১২ লাখ টাকা এবং ৫ হাজার মার্কিন ডলার, যার বাংলাদেশি মুদ্রামান প্রায় ৬ লাখ ১৪ হাজার ৮১৮ টাকা, চুরি হয়েছে।
এছাড়া দ্বিতীয় আলমারি থেকে ছোট ছেলে তায়েব আজমের জমি বিক্রির বায়না বাবদ ৬ লাখ টাকা, অনলাইন ব্যবসার নগদ ৫০ হাজার টাকা, পুত্রবধূর এক জোড়া স্বর্ণের কানের দুল ও একটি আংটি, এবং মাটির ব্যাংকে জমানো ১৮ হাজার টাকাসহ সর্বমোট ৭৩ লাখ ১৭ হাজার ৮১৮ টাকার সম্পদ নিয়ে যায় চোরচক্র।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিভিন্ন স্থানে খোঁজখবর নেওয়া হলেও চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মো. জাকির জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






