বোয়ালখালীতে অবৈধ ব্রিজ নির্মাণ, ভ্রাম্যামাণ অভিযানে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ছন্দারিয়া খালের ওপর অবৈধভাবে ব্রিজ নির্মাণের দায়ে সিআইপি মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পৌরসভার অলি বেকারি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার হাওলা ডিসি সড়কের কানুনগোপাড়া এলাকার অলি বেকারির মোড় থেকে জোটপুকুর পাড় পর্যন্ত ছন্দারিয়া খালের ভাঙনরোধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ গাইড ওয়াল নির্মাণ করে। পরে সেই গাইড ওয়াল কেটে খালের ওপর অবৈধভাবে একটি লোহার ব্রিজ নির্মাণ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, সড়ক সুরক্ষায় নির্মিত সওজের গাইড ওয়াল কেটে অবৈধভাবে ব্রিজ নির্মাণের মাধ্যমে সড়কের নিরাপত্তা বেষ্টনীর ক্ষতিসাধন ও পরিবর্তন করা হয়েছে। এ অপরাধে মহাসড়ক আইন-২০২১ এর ৯(১৭) ধারায় সিআইপি মো. জাহাঙ্গীরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top